Thursday, September 13, 2018

চট্টগ্রামে শুরু হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ

SHARE




আগামী মাসে শুরু হতে যাচ্ছে বন্দর নগরী চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। এরইমধ্যে শেষ হয়েছে দরপত্র প্রক্রিয়া। যাতে অংশ নিয়েছে দেশি-বিদেশি ১০টি প্রতিষ্ঠান। এটির কাজ শেষ হলে বিমানবন্দর সড়ক ও সমুদ্রবন্দরকেন্দ্রিক যানজট নিরসনের আশা করছে কর্তৃপক্ষ।

চট্টগ্রাম নগরে যানজটপ্রবণ সড়কগুলোর অন্যতম বিমানবন্দর রোড। যেখানে ৩০ মিনিটের পথ পেরুতে লাগে দুই ঘণ্টা। তাই এই পথে দুর্ভোগ কমাতে লালখানবাজার থেকে বিমানবন্দর পর্যন্ত হবে বন্দর নগরীর প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। সাড়ে ১৬ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে করতে গত ৩০ আগষ্ট শেষ হয় দরপত্র প্রক্রিয়া, যেখানে চীনের ৬টি ও দেশীয় ৪টি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের অক্টোবরের শেষের দিকে কাজ শুরু করা যাবে বলে আশা কর্তৃপক্ষের।

তবে পছন্দের ঠিকাদার প্রতিষ্ঠানকে কাজ দিতে দরপত্রের শর্ত শিথিল করার অভিযোগ উঠলেও তা নাকচ করে দেন সিডিএ চেয়ারম্যান। গণপূর্তমন্ত্রী অবশ্য বলছেন, যানজট নিরসনে উড়াল সড়কের মতো স্থাপনা প্রকৃত সমাধান নয়। তার মতে, এজন্য শহরে ধীরগতির যান বন্ধ করার পাশাপাশি সড়ককে রাখতে হবে জঞ্জালমুক্ত। ৩ বছর মেয়াদি প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ২শ ৫০ কোটি টাকা। যা শেষ হওয়ার কথা ২০২১ সাল নাগাদ।

SHARE

Author: verified_user

0 comments: