![]() |
| খেলা শেষে গ্যালারি পরিষ্কার করলেন প্রবাসী বাংলাদেশিরা |
কাল মাঠে যেমন তামিম দলের প্রতি কমিটমেন্টের অনন্য নজীর দিয়েছেন, তেমনি মাঠের বাইরে উদাহরণ রেখে গেলেন খেলা দেখতে আসা প্রবাসী বাংলাদেশিরা।
গত রাশিয়া বিশ্বকাপে জাপানিরা চলে যাওয়ার সময় স্টেডিয়াম পরিষ্কার করেছিল। তা আমদের সবারই জানা। গতকালও ঠিক সেভাবেই ম্যাচটি শেষ হবার পর প্রবাসী বাংলাদেশিরা গ্যালারি পরিষ্কার করে দিয়ে গেল।
শনিবার বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যেকার ম্যাচ দিয়ে শুরু হয় এশিয়া কাপের ১৪তম আসর। এদিন মুশফিকের ক্যারিয়ার সেরা ইনিংস আর বোলারদের দুর্দান্ত বোলিংয়ে লঙ্কানদের বিপক্ষে ১৩৭ রানের বিশাল জয় পায় বাংলাদেশ। সবার নিষেধ উপেক্ষা করে শুধু দেশের প্রতি ভালোবাসার টানে মাঠে নেমেছেন তামিম। তার ৪ বলে অপরাজিত ২ রানের ইনিংসটির কথা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে নিঃসন্দেহে।
এক হাতে ব্যাট করে সবাইকে চমকে দিয়েছেন তামিম ইকবাল। সেইখানে মাঠের বাইরেও এক অনন্য নজির রেখেছেন প্রবাসী বাংলাদেশীরা। খেলা দেখে জয়ের উত্তেজনাকে কাজে লাগিয়ে, আবেগে আপ্লুত বাংলাদেশি দর্শকরা গ্যালারি পরিষ্কার করে দিয়ে বিশ্ববাসীকে দেখিয়ে দিলেন যে আমরাও পারি। বাংলাদেশি সমর্থকদের স্টেডিয়ামের পরিষ্কার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ছড়িয়ে পড়ে। দেশে থাকা হাজারো সমর্থকদের ফেসবুক টাইমলাইনে ঘুরছে স্টেডিয়াম পরিষ্কার করার দৃশ্য গুলো।
জাপানিজদের দেখানো পথে এর আগে হেঁটেছিল শ্রীলঙ্কাও। গতমাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ হাতছাড়া করে শ্রীলঙ্কা। সিরিজের চতুর্থ ম্যাচে এসে জয়ের দেখা পায় লঙ্কানরা। সেই ম্যাচে জয়ের পর পুরো গ্যালারি পরিষ্কার করেন লঙ্কান সমর্থকরা। অবশ্য তৃতীয় ম্যাচে পরাজয়ের দিনেও একই কাজ করেছিলেন তারা। জাপান-শ্রীলঙ্কার পর এবার একই কাজ করে সবার মন জয় করল বাংলাদেশিরা।

0 comments: