মন্ত্রীদের বিদেশ ভ্রমণে খরচ কত?
মন্ত্রিপরিষদের সদস্যদের বিদেশ ভ্রমণ বাবদ ২০১৮-১৯ অর্থবছরে ছয় কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। বাংলাদেশ সরকারের ৩৭ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর জন্য বরাদ্দকৃত এই অর্থের মধ্যে কোন মন্ত্রণালয়ের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে তার বিস্তারিত জানানো হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মোর্শেদা ফেরদৌসের সই করা এক চিঠিতে।
ওই চিঠিতে জানানো হয়, ছয় কোটি ৩০ লাখ টাকার মধ্যে অর্থ মন্ত্রণালয়ের জন্য ১৮ লাখ, পরিবেশ, বন ও জলবায়ু ১৭ লাখ ৫০ হাজার, যুব ও ক্রীড়া ১৭ লাখ ৫০ হাজার, শিল্প ১৭ লাখ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় ১৭ লাখ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জন্য ১৬ লাখ ৫০ হাজার, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান ১৬ লাখ ৫০ হাজার, শ্রম ও কর্মসংস্থান ১৬ লাখ, পরিকল্পনা ১৫ লাখ ৫০ হাজার, পানিসম্পদ ১৩ লাখ ৫০ হাজার, মহিলা ও শিশু ১৩ লাখ, শিক্ষা ১৩ লাখ, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীদের ভ্রমণের জন্য ১৩ লাখ টাকা, কৃষি মন্ত্রণালয় ১২ লাখ, জনপ্রশাসন ১১ লাখ ৫০ হাজার, মৎস্য ও প্রাণিসম্পদ ১১ লাখ ৫০ হাজার।
চিঠিতে আরও জানানো হয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন ১১ লাখ ৫০ হাজার, সড়ক পরিবহন ও সেতু ১১ লাখ, ভূমি ১০ লাখ ৫০ হাজার, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ ৯ লাখ ৫০ হাজার, খাদ্য ৯ লাখ ৫০ হাজার, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি ৯ লাখ ৫০ হাজার, তথ্য ৯ লাখ ৫০ হাজার, ধর্ম ৯ লাখ ৫০ হাজার, সমাজকল্যাণ ৭ লাখ ৫০ হাজার, স্বরাষ্ট্র ৭ লাখ ৫০ হাজার, পার্বত্য চট্টগ্রাম ৭ লাখ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ ৬ লাখ ৫০ হাজার, নৌ পরিবহন ৬ লাখ ৫০ হাজার, বস্ত্র ও পাট ৫ লাখ ৫০ হাজার, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ৫ লাখ ৫০ হাজার, রেলপথ ৪ লাখ ৫০ হাজার এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের জন্য ৪ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া পরবর্তীতে বরাদ্দ দিতে হতে পারে— এমন বিবেচনায় মন্ত্রিপরিষদ বিভাগে আরও দুই কোটি ২০ লাখ টাকা অগ্রিম বরাদ্দ রাখা হয়েছে।
জানা গেছে, এই বছর সবচেয়ে বেশি বরাদ্দ দেয়া হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়কে। তার মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২২ লক্ষ টাকা। আর সবচেয়ে কম বরাদ্দ রাখা হয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রীদের জন্য। ভ্রমণ বাবদ এই মন্ত্রণালয়গুলোর মন্ত্রীদের জন্য জনপ্রতি বরাদ্দ রাখা হয়েছে মাত্র চার লাখ ৫০ হাজার টাকা করে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই ভ্রমণ ব্যয় মেটানো হবে সরকারের পক্ষ থেকে। তবে অনেক সময়, মন্ত্রীরা বিদেশ ভ্রমণের আমন্ত্রণও পেয়ে থাকেন আর তখন মাঝেমাঝে আমন্ত্রণকারী ব্যক্তি, প্রতিষ্ঠান বা বিভিন্ন দেশের সরকারও এই ভ্রমণব্যয় বহন করে থাকেন। এছাড়াও অনেক সময় সরকারি ভ্রমণ ব্যয়ের বাইরে দেশের বিভিন্ন সংস্থার খরচেও মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করে থাকেন। সে ক্ষেত্রে, ওইসব সংস্থাই এই খরচ বহন করে থাকে।

0 comments: